উন্নত, নিরাপদ ও মানবিক ঢাকা-৮: ড. মো: হেলাল উদ্দিনের ভিশন
“সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবার উন্নত, নিরাপদ, পরিবেশ ও জনবান্ধব মানবিক ঢাকা-৮”
অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন মনে করেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি পূরণ হয়নি, জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই অসমাপ্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি নতুন সুযোগ এনে দিয়েছে। ঢাকা-৮ আসন (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) কে তিনি একটি বিশ্বমানের, নিরাপদ, পরিচ্ছন্ন এবং গতিশীল নগর কেন্দ্রে পরিণত করার স্বপ্ন দেখেন। তাঁর স্বপ্ন, বাংলাদেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রস্থল এই এলাকাকে একটি বিশ্বমানের ‘সেন্ট্রাল বিজনেস, অ্যাডমিনিস্ট্রেটিভ ও কালচারাল ডিস্ট্রিক্ট’-এ রূপান্তরিত করা। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ঢাকা-৮ গড়তে চান যেখানে সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। সে লক্ষে আমাদের প্রাণের ঢাকা-৮ নিয়ে উনার ভিশন নিম্নরুপ:
জনবান্ধব অঙ্গীকারনামা
নিরাপদ, পরিবেশ ও জনবান্ধব মানবিক ঢাকা
সুশাসন, নিরাপত্তা, উন্নত নাগরিক সুবিধা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সংস্কৃতি-ঐতিহ্যকে কেন্দ্র করে একটি স্মার্ট, বাসযোগ্য ও মানবিক নগর গঠনের অঙ্গীকার।
সবার জন্য দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুশাসন ও কার্যকর সংসদীয় প্রতিনিধিত্ব
- সর্বক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্য নির্মূল করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নাগরিকবান্ধব প্রশাসন নিশ্চিত করা।
- জাতীয় সংসদে স্মার্ট, নিরাপদ ও বাসযোগ্য নগর গঠন, দুর্নীতি প্রতিরোধ এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে নীতি/আইন প্রণয়নসহ নাগরিকদের দাবি ও সমস্যার প্রতিনিধিত্ব।
- নিরপেক্ষ বিচারব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠা করে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা।
- ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন ও সরকারি সেবাকে আধুনিকীকরণের মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণ।
- বাংলাদেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রস্থল এই এলাকাকে বিশ্বমানের “সেন্ট্রাল বিজনেস, অ্যাডমিনিস্ট্রেটিভ ও কালচারাল ডিস্ট্রিক্ট”-এ রূপান্তর করা।
- সার্বক্ষণিক গণসংযোগ কার্যালয় স্থাপন, বার্ষিক ‘পাবলিক রিপোর্ট কার্ড’ প্রকাশ এবং ছয় মাস অন্তর ‘টাউন হল মিটিং’ আয়োজন করা।
সবার জন্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা
- সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা।
- মতিঝিলের ব্যাংকপাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভির আওতায় আনা।
- গুরুত্বপূর্ণ মোড়ে ডিজিটাল মনিটরিংসহ পুলিশ বুথ স্থাপন ও কমিউনিটি প্যাট্রোলিং জোরদার করা।
- নারী-শিশুর নিরাপত্তা, বাক ও গণমাধ্যমের স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা।
- অসহায়, প্রান্তিক জনগোষ্ঠী, সিনিয়র সিটিজেন, নারী, শিশু, সংখ্যালঘু ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বা সুলভ স্বাস্থ্যসেবা, বিশেষ ভাতা ও অগ্রাধিকার সেবা চালু করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করা।
সবার জন্য উন্নত অবকাঠামো, সংযোগ ও নাগরিক সুবিধার সবুজ শহর
- যানজট নিরসনে ফ্লাইওভার, আন্ডারপাস, মেট্রোরেল সংযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত স্মার্ট ট্র্যাফিক সিগন্যাল ও মেট্রো স্টেশনকেন্দ্রিক পরিবহন হাব তৈরি।
- জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার, খনন এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা স্থাপন।
- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা, সুলভ ইন্টারনেট এবং নারী ও প্রতিবন্ধীবান্ধব আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ।
- বহুতল ও আন্ডারগ্রাউন্ড পার্কিং সুবিধা।
- ফুটপাত সংস্কার, নিয়ন্ত্রিত হকার জোন ও প্রশস্ত পথ, দৃষ্টি প্রতিবন্ধী ও হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য ট্যাকটাইল পথ ও র্যাম্প।
- রাতে সংগ্রহ ও ইনসিনারেশন/বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাইসহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা।
- দুর্যোগ প্রস্তুতির জন্য অগ্নিনির্বাপণ অডিট ও মহড়া আয়োজন।
- নারীর জন্য পরিবহন সুবিধার সম্প্রসারণ ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা।
- পার্ক, খেলার মাঠ, কবরস্থান ও নিরাপদ আবাসনসহ নাগরিক সুবিধা সম্প্রসারণ।
- পরিকল্পিত বৃক্ষরোপণ, “ভার্টিকাল গার্ডেন”, “পকেট পার্ক”, ছাদ-বাগান এবং পরিবেশবান্ধব আবাসন এলাকা উন্নয়ন।
- ছাদ-বাগান ও সোলার প্যানেল ব্যবহারে প্রণোদনা।
- মশক নিধনে কার্যকর পরিকল্পনা ও জনসচেতনতা।
সবার জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
- মানসম্মত শিক্ষা ও ১০০% সাক্ষরতা নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যয় কমিয়ে সকলের জন্য উন্নত, নৈতিক ও সুলভ শিক্ষা নিশ্চিত করা।
- সকল স্কুল হবে ডিজিটাল সুবিধাযুক্ত স্মার্ট স্কুল।
- তরুণদের জন্য তথ্যপ্রযুক্তি, ডিজাইন, স্থাপত্যসহ কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা এবং ‘ওয়ান-ফর-অল’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে অন্তত একজন দক্ষ সদস্য গড়ে তোলা।
- নতুন বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা।
- মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রাম’ ও উচ্চশিক্ষা সহায়তা প্রদানের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বৃত্তির তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন।
- শাহবাগ, পাবলিক লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের জন্য উচ্চগতির বিনামূল্যে ইন্টারনেট জোন তৈরি।
সবার জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি
- নতুন হাইটেক পার্ক তৈরি, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং তরুণদের জন্য স্টার্টআপ ফান্ড তৈরি করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি।
- চাঁদাবাজিমুক্ত স্বাধীন ব্যবসার পরিবেশ নিশ্চিত করা, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও বিনিয়োগ উৎসাহিতকরণ।
- ট্রেড লাইসেন্সসহ বাণিজ্যিক অনুমতিপত্রের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার’ স্থাপন।
- হকারদের নির্দিষ্ট স্থানে নিবন্ধনের মাধ্যমে আধুনিক ও স্বাস্থ্যসম্মত ভেন্ডিং কার্ট দিয়ে পুনর্বাসন।
- মতিঝিল এলাকায় রাতেও কর্মচঞ্চল রাখার জন্য নিরাপদ “নাইট মার্কেট” ও ফুড কোর্ট চালু।
- শ্রম আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা।
- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদার।
- ক্ষুদ্র উদ্যোক্তা ও হস্তশিল্পীদের জন্য সহায়তা কর্মসূচি।
- নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ।
সবার জন্য সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা
- প্রাথমিক স্বাস্থ্যসেবা, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কম খরচে চিকিৎসা এবং বিনামূল্যে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত নগর স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক স্থাপন।
- আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও শয্যা বৃদ্ধি।
- ২৪/৭ জরুরি স্বাস্থ্য পরিষেবা চালু এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোর সংস্কার ও আধুনিকায়ন।
- মাতৃত্বকালীন সেবা ও শিশুদের পুষ্টি কর্মসূচি সম্প্রসারণ।
সবার জন্য সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটন
- বায়তুল মোকাররম, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে সমন্বিত “হেরিটেজ ট্যুরিস্ট জোন” গড়ে তোলা।
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ-রমনা-শিল্পকলা একাডেমি এলাকা “এডুকেশন এন্ড কালচারাল করিডোর” হিসেবে গড়ে তোলা ও কালচারাল হাব হিসেবে উন্নয়ন করা।
- পথনাটক, আর্ট এক্সিবিশন, বইমেলা ও নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন।
- জাতীয় জাদুঘর, লাইব্রেরি, বিশ্ববিদ্যালয় ও ঐতিহ্যবাহী স্থাপনার আধুনিকায়ন।
- এলাকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় জাতীয় পর্যায়ে আইন প্রণয়ন ও সংস্কার।
- পর্যটনবান্ধব অবকাঠামো, হোটেল-রেস্ট হাউস ও তথ্যকেন্দ্র স্থাপন।
- শিশুদের জন্য খেলার মাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্র বৃদ্ধি।
- ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ঐতিহ্য হিসেবে ঘোষণা।
- শাহবাগ, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানকে পর্যটন ও বিনোদন কেন্দ্রে রূপান্তর।
স্বপ্ন ও অঙ্গীকার
“আমার স্বপ্ন, বাংলাদেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রস্থল এই এলাকাকে একটি বিশ্বমানের ‘সেন্ট্রাল বিজনেস, অ্যাডমিনিস্ট্রেটিভ ও কালচারাল ডিস্ট্রিক্ট’-এ রূপান্তরিত করা। জাতীয় সংসদে আমি এমন নীতি প্রণয়নে নেতৃত্ব দেব যা ঢাকাকে একটি স্মার্ট, নিরাপদ ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়ে তুলবে এবং এর সুফল আমার নির্বাচনী এলাকার প্রতিটি নাগরিক ভোগ করবে।”